২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫১

পদত্যাগ করা সেই সহকারী প্রক্টরকে হত্যার হুমকি

  © টিডিসি ফটো

মিডিয়ার কাছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি তুলে ধরায় প্রাণনাশের হুমকি পাচ্ছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদত্যাগকৃত সহকারী প্রক্টর হুমায়ুন কবির। গত ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার পর নিজের নৈতিক জায়গা থেকে পদত্যাগ করেন ওই শিক্ষক। পরবর্তীতে তিনি মিডিয়ার কাছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরেন। এরপর থেকে তাকে প্রাণনাশের হুমকি প্রদান করছে ভিসিপন্থীরা।

এ ব্যাপারে সোমবার (২৩ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন হুমায়ুন কবির।

সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেছেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের হামলার প্রতিবাদে তিনি সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেন। এরপর অজ্ঞাত ব্যক্তি তার নামের সাথে মিল রেখে HUmayun Kabir নামে ফেসবুকে একটি আইডি খুলে তার বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক, চারিত্রিক ও মানহানিকর স্ট্যাটাস দিচ্ছে। ওই আইডির মাধ্যমে বিভিন্ন অপপ্রচার করা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, গত ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের গ্যারেজে ভিসিপন্থিরা তাকে প্রাণ নাশের হুমকি প্রদান করে। ’

ভবিষ্যতে ওই আইডি থেকে আরও খারাপ প্রচারণা চালানো হতে পারে এমন আশংকা করে এর প্রতিকার ও নিজের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন হুমায়ুন কবির।

হুমায়ূন কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, "২১ সেপ্টেম্বর পদত্যাগের পর যখন আমি মিডিয়ার সামনে সত্যিটা তুলে ধরি তখন থেকেই অন্যান্য সহকারী প্রক্টরদের মধ্যে থেকে বেশ কয়েকজন আমাকে হুমকি দিতে শুরু করে। বাইরের বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকেও হুমকি পেতে শুরু করি।”

তিনি আরও বলেন, ‘বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং তাই আইনি সহায়তা পাবার জন্য থানায় জিডি করেছি।’