সাস্ট টেক ফেস্টে প্রোগ্রামিংয়ে বুয়েট, হ্যাকাথন ও প্রোজেক্ট শোকেসিংয়ে চ্যাম্পিয়ন শাবিপ্রবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রযুক্তিপ্রেমীদের জন্য দেশের সবচেয়ে বড় প্রতিযোগিতার আসর ‘সাস্ট এলআইসিটি টেক ফেস্ট-২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। প্রযুক্তি উৎসবে প্রোগ্রামিংয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) দল ‘বুয়েট নাইটমেয়ার’। অন্যদিকে হ্যাকাথন ও প্রোজেক্ট শোকেসিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে শাবিপ্রবির দু’টি দল। প্রোগ্রামিং, হ্যাকাথন (সফটওয়্যার), প্রজেক্ট শোকেসিং, রোবোফাইট ও মেজ সলভার এই পাঁচটি প্রতিযোগিতায় দেশের ৫৬টি বিশ্ববিদ্যালয়ের অন্তত ১২০০ প্রতিযোগী অংশ নেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই, ইইই ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ যৌথভাবে এই ফেস্টের আয়োজন করে।
শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতীম দেব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রোগ্রামের আহবায়ক অধ্যাপক ড. এম জহিরুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, স্কুল অব এপ্লায়েড সায়েন্সেস এন্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. মুকিদ মোহাম্মদ মোকাদ্দেস, এলআইসিটির প্রজেক্ট ডিরেক্টর মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।
প্রোগ্রামিংয়ে বিজয়ী: প্রোগ্রামিংয়ে চ্যাম্পিয়ন বুয়েট নাইটমেয়ার দল। শাবিপ্রবির দল ‘লিটল ফিঙ্গার ইজ নট ডেড’ প্রথম রানার্সআপ হয়। দ্বিতীয় রানার্সআপ হয় বুয়েটের ‘বাপ্রবি অপরাহ্ন’ এবং চতুর্থ স্থান অর্জন করে শাবিপ্রবির ‘সাস্ট ফেমাসিয়াস’। এছাড়া পঞ্চম ও ৬ষ্ঠ স্থান যথাক্রমে বুয়েট ও ঢাবির দুটি দল লাভ করে।
হ্যাকাথনে বিজয়ী: চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শাবিপ্রবির ‘টিম নৃক’, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ‘এমইউ ইডুজেন’ প্রথম রানার্সআপ ও শাবিপ্রবির ‘সাস্ট টেক এক্সপো’ দ্বিতীয় রানার্সআপ হয়। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ‘ক্রেজি গেমার’ চতুর্থ, বুয়েটের ‘প্যারালাক্স’ পঞ্চম ও শাবিপ্রবির ‘সাস্ট টেক’ ষষ্ঠ স্থান অর্জন করে।
প্রোজেক্ট শোকেসিংয়ে বিজয়ী: চ্যাম্পিয়ন শাবিপ্রবির ‘সাস্ট এ টিম’। এই প্রতিযোগিতায় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে ইসলামী ইউনিভার্সিটি, কুষ্টিয়ার ‘ভ্যারিয়েবল ৬’।
রোবোফাইটে বিজয়ী: চ্যাম্পিয়ন মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি ‘এক্সপায়ার্ড কনক্লুশন’। এই প্রতিযোগিতায় রানার্সআপ হয় শাবিপ্রবির ‘সাস্ট রোবো সাপিয়েন্স’।
‘এক্সপায়ার্ড কনক্লুশন’।
মেজ সলভারে বিজয়ী: চ্যাম্পিয়ন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ‘ম্যাপল রোবটিক্স’ ও রানার্সআপ হয় শাবিপ্রবির ‘টাইটান এক্স-১’।
অনুষ্ঠানের সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। এরপর সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের ইতি টানেন আহবায়ক অধ্যাপক ড. এম জহিরুল ইসলাম।