নেতিবাচক কর্মকাণ্ড পরিচালনাকারী ছাত্রলীগকে জঙ্গি বললেন শাবি উপাচার্য
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃক আয়োজিত স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ শাবিপ্রবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের নেতিবাচক কর্মকাণ্ডের সমালোচনা করে তাদের সেসব কার্যক্রমকে জঙ্গিবাদের অনুরূপ আখ্যা দিয়েছেন।
তিনি বলেন, কিছুদিন আগে ছাত্রলীগ নেতা রাজীব সরকারের উপর ছাত্রলীগের প্রতিপক্ষ গ্রুপের নেতাকর্মীরা হামলা চালায়। ছাত্রলীগ নামধারীরা কিছু অছাত্র রাজীবের উপর চাপাতি দিয়ে হামলা করে। এরা ছাত্র নয়, ছাত্র নামধারী জঙ্গি। যারা বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করতে চায়। পাশাপাশি এরা সরকারকে বেকায়দায় ফেলতে চায়। তাদের এই বিশ্ববিদ্যালয়ে কোন স্থান হবে না।
এসময় তিনি আরো বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিসর ছোট হলেও ছাত্রলীগের বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের কারণে আমাদের বারবার গণমাধ্যমের শিরোনাম হতে হয়েছে।
শান্তির পথের আহবান জানিয়ে উপাচার্য আরো বলেন, তোমরা কখনও শিক্ষার্থীদের দাবি-দাওয়া নিয়ে আসো নাই। এসেছো উন্নয়ন কাজে ভাগ বসাতে, উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করতে। তোমরা মারামারি, হানাহানি থেকে বের হয়ে আসো। শিক্ষার্থীদের দাবি নিয়ে আসো। আমরা সবসময় তোমাদের পাশে আছি।
অনুষ্ঠানে শাবিপ্রবির শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এসএম সাইফুল ইসলামরে সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. জহির বিন আলম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল গণি, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার প্রমুখ।