০৬ মার্চ ২০১৯, ১৯:১৫

আধুনিক ইনডোর স্টেডিয়াম নির্মাণের ঘোষণা শাবিপ্রবি উপাচার্যের

ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করছেন শাবিপ্রবি উপাচার্য  © টিডিসি ফটো

শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সুযোগ সুবিধা বৃদ্ধি করার লক্ষ্যে অচিরেই ক্যাম্পাসে আধুনিক ইনডোর স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তিনি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আগামী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ ইভেন্টের ব্যবস্থা গ্রহণের কথাও বলেন।

বুধবার বিকাল সাড়ে চারটায় শাবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদেরকে খেলাধুলায় উৎসাহিত করে। কারণ খেলাধুলা মনকে প্রফুল্ল ও সতেজ রাখে যা তাদের শিক্ষাজীবনের জন্য অপরিহার্য। এর আগে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এর ছাত্রদের মধ্য থেকে পিএমই বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান রিজভী এবং ছাত্রীদের মধ্য থেকে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মাহফুজা তানিয়া চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাধুলা ও ক্রীড়া উপ-কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সউদ-বিন-আম্বিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক জনাব মেহের আফরোজ।