২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৫

শাবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

নানাবিধ কর্মসূচি গ্রহণের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনের শুরুতে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের নেতৃত্বে সকাল সাড়ে ৭টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। এর পরপরই প্রভাতফেরীর মাধ্যমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপাচার্য। এসময় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারীদের সমিতি, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।



এ দিকে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে শহীদ দিবসটি উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. আখতারুল ইসলামের সভাপতিত্বে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মো. ইশফাকুল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, সামজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল গণি, এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এ সময় উপাচার্য বলেন, অনেক কষ্টে আমরা আমাদের ভাষাকে অর্জন করেছি। সুতরাং আমাদের ভাষার সম্মান রক্ষার্থে আমাদের কাজ করতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে আরো পরিশ্রমী হতে হবে, আরো বেশি বেশি পড়তে হবে। নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার কোন বিকল্প নেই।

এ ছাড়া দিবসটি উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ৮ টায় প্রশাসনিক ভবন-২ এর সামনে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ দিকে বিকাল ৩টায় মুক্তমঞ্চে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন গুলোর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুুষ্ঠানের আয়োজন করা হয়েছে।