জাককানইবিতে ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
আগামী ২২ ফেব্রুয়ারি ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) অনুষ্ঠিত হবে জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ২০১৮-২০১৯ সেশনের ভর্তি পরীক্ষা। ওইদিন তিনটি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকাল ১০টা থেকে ১১টা ‘এ’ ইউনিট (বিজ্ঞান অনুষদ), দুপুর ১২টা থেকে ১টা ‘বি’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘সি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাত ৮টায় ফল প্রকাশিত হবে।
পরের দিন পরীক্ষা উত্তীর্ণদের সাক্ষাৎকার জাককানইবি িক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে। অন্যদিকে, চূড়ান্তভাবে উত্তীর্ণরা আগামী ৩ মার্চ থেকে জামালপুর শহরস্থ অস্থায়ী ক্যাম্পাসে ভর্তি করা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
জানা গেছে, ২০১৮-১৯ সেশনে ১ম বারের মত বিজ্ঞান, বিজনেস স্টাডিজ ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ফিশারিজ ব্যতীত গণিত, সিএসই, ম্যানেজমেন্ট ও সমাজকর্ম বিভাগে ৩০ জন করে মোট ১২০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য www.bsfmstu.ac.bd
প্রসঙ্গত, জামালপুর জেলাধীন মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দেশের একমাত্র বেসরকারি শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারিজ কলেজের স্থলে নতুন বিশ্ববিদ্যালয়টির পূর্ণাঙ্গ স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হবে। এজন্য ফিশারিজ কলেজের ৩০ একরসহ পার্শ্ববর্তী এলাকার ৫০০ একর জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়টির আইন সংশোধন সাপেক্ষে/আত্তীকরণের মাধ্যমে ফিশারিজ কলেজটিও বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গেছে।