বহিষ্কৃত ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে এবার আইসিটি আইনে মামলা
দুই ছাত্রকে র্যাগিংয়ের অপরাধে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বহিষ্কার হওয়া সেই ৬ শিক্ষার্থীদের বিরুদ্ধে এবার তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. নাজমুল হক বাদী হয়ে গোপালগঞ্জ থানায় তথ্যপ্রযুক্তি আইনের ২৯ ধারা ও দণ্ডবিধির ৩৪২ ও ৫০৬ ধারায় এ মামলা দায়ের করেন। গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, শনিবার রাতে ওই বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. রাজেশ হোসাইন শিথিল ও মাহামুদুল হাসান নামে দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে গোবরা গ্রামের একটি মেসে নিয়ে ওই ৬ শিক্ষার্থী র্যাগ দেন। র্যাগিংয়ের ভিডিওটি ফেসবুকে ছেড়ে দেয়া হলে তা ভাইরাল হয়। যা এখন বিশ্ববিদ্যালয়সহ গোপালগঞ্জে টক অফ দ্যা টাউনে পরিণত হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এ ঘটনায় সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের হল রুমে প্রক্টর ও সহযোগী আধ্যপক আশিকুজ্জামান ভূইয়ার নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রক্টোরিয়াল বোর্ড জরুরি সভায় বসে। সভা শেষে অভিযুক্ত ৬ শিক্ষার্থীকে আজীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়।