গোলাম রাব্বানির সুস্থতা কামনায় শাবিপ্রবি ছাত্রলীগের দোয়া মাহফিল
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ। মঙ্গলবার বাদ জোহর শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ আকন্দের উদ্যোগে হযরত শাহজালাল (রঃ) এর মাজার সংলগ্ন দরগাহ মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। মঙ্গলবার দুপুরে তাকে স্কয়ার থেকে গ্রীন লাইফ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
উক্ত মাহফিলে গোলাম রাব্বানির দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সুস্থতাও কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর তাঁতীলীগের যুগ্ম-আহবায়ক ফয়জুন নূর জাকি, মহানগর ছাত্রলীগ নেতা রানা আহমেদ শিপলু, জুনেল আহমদ, শাবিপ্রবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান খান, ছাত্রলীগ নেতা নাঈম আহমেদ, শাওন, মৃত্যুন্জয় দেবনাথ, নোমান প্রমুখ।