১৮ আগস্ট ২০১৮, ১৫:৪৮

বিভাগে ফিরতে বাধা নেই রাবি শিক্ষক তানভীরের

আকতার জাহান ও তানভীর আহমেদ  © ফাইল ফটো

বিভাগে ফিরতে আর বাধা নেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক তানভীর আহমেদের।  তার সাবেক স্ত্রী ও একই বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহানের আত্মহত্যার ঘটনায় কোন সংশ্লিষ্টতা না পাওয়ায় তার সাময়িক বহিষ্কারাদেশ তুলে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  এর ফলে নিজ বিভাগে ক্লাস-পরীক্ষা নিতে আর কোনো বাধা রইল না তানভীর আহমেদের। 

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহানের সভাপতিত্বে ৪৮২তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে নিশ্চিত করেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক আব্দুল আলীম।

২০১৬ সালের ৯ সেপ্টেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে আকতার জাহানের নিজ কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।  আত্মহত্যা নিশ্চিত হওয়ার পর তার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ ওঠে সাবেক স্বামী তানভীর আহমেদ ও আরেক সহকর্মী আতিকুর রহমানের বিরুদ্ধে।

পরে ৪৭০তম সিন্ডিকেট সভায় তানভীর আহমেদের।বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়।  নিয়ম অনুযায়ী, তদন্ত প্রতিবেদন জমা না দেয়া পর্যন্ত তাকে ছুটিতে থাকা ও একই সাথে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত একাডেমিক ক্লাস-পরীক্ষা না নেয়ারও নির্দেশ দেয়া হয়। 

বৃহস্পতিবার ৪৮২তম সিন্ডিকেট সভায় ওই ঘটনায় কোন সংশ্লিষ্টতা না পাওয়ায় তানভীর আহমেদের। সাময়িক বহিষ্কারাদেশ তুলে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।