আগামীকাল আইইউবিএটিতে জাতীয় কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা শুরু
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সি.এস.ই.) বিভাগের উদ্যোগে আগামি ৩ এবং ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'জাতীয় কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (এনসিপিসি)-২০১৮'।
এটি জাতীয় পর্যায়ে সবচেয়ে মর্যাদাপূর্ণ কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা। বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) প্রতি বছর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রধান পৃষ্ঠপোষকতা প্রদান করে থাকে। কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে এটি দেশের সর্ববৃহৎ আয়োজন।
পরবর্তীতে আন্তর্জাতিক পর্যায়ের ACM-ICPC এবং World Final প্রতিযোগীতায় শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ের এই আয়োজন প্রধান ভিত্তি হিসাবে কাজ করে থাকে।
৩আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বিকাল ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানের পর বিকাল ৫ টা হতে 'মক কন্টেস্ট' অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় সচিব জনাব জুয়েনা আজিজ এবং সভাপতিত্ব করবেন আইইউবিএটি এর উপাচার্য প্রফেসর ড. আব্দুর রব।
স্বাগত বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ার প্রফেসর ড. মু আব্দুল হক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক (ট্রেনিং) জনাব এনামুল কবির, এনসিপিসি ২০১৮ এর পরিচালনা কমিটির প্রধান প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ এবং ACM ICPC, India এর Regional Contest Director প্রফেসর ড. ফাল্গুনী গুপ্তা।
৪আগস্ট সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত মুল প্রতিযোগিতা এবং বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত অডিটোরিয়ামে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সমাপনী অনুষ্ঠান আয়োজিত হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী এবং সভাপতিত্ব করবেন আইইউবিএটি এর উপাচার্য প্রফেসর ড. আব্দুর রব।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এর ডিন প্রফেসর ড. মনিরুল ইসলাম। আরও বক্তব্য রাখবেন ইভেন্ট পার্টনার 'পাঠাও' এর ভাইস পেসিডেন্ট জনাব আহমেদ ফাহাদ, ACM ICPC, Dhaka Regional এর সহযোগী পরিচালক প্রফেসর ড. আবুল এল হক। এনসিপিসি ২০১৮ এর পরিচালনা কমিটির প্রধান প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ বিজয়ীদের নাম ঘোষনা করবেন।
জাতীয় পর্যায়ের এই প্রোগ্রামিং প্রতিযোগিতায় দেশের বিভিন্ন সরকারী এবং বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিযোগীরা দলগতভাবে অংশগ্রহন করবে। প্রতিযোগিতায় মোট ৭২টি বিশ্ববিদ্যালয়, ২টি কলেজ ও ১টি পলিটেকনিক কলেজ থেকে ১৪৯টি দল অংশগ্রহণ করতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে মেয়েদের জন্য ৩টি দল।
প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রথম ১০টি স্থান ঘোষণা করা হবে এবং তাদেরকে পুরস্কৃত করা হবে। এছাড়া দেশের ৮টি বিভাগের জন্য বিভাগীয় পর্যায়ে ৮টি, মেয়েদের মধ্যে একটি এবং দ্রুততম সময়ে সমস্যা সমাধানের জন্য ১০টি সহ সর্বমোট ২৯টি পুরস্কার দেয়া হবে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মধ্য দিয়ে ২ দিন ব্যাপী এই প্রতিযোগিতার সমাপ্তি হবে।