প্রতিটি বিদ্যালয়ে মাল্টিমিডিয়ার ব্যবস্থা করা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়ার ব্যবস্থা করা হবে। শিক্ষার্থীদের খেলাধুলার জন্য আলাদা সামগ্রীর ব্যবস্থা করা হবে। শুক্রবার (২৫ জানুয়ারি) কুড়িগ্রামের রৌমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক শিক্ষকদের নিয়ে আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নত হতে পারবে না। তাই শিক্ষার্থীদের শিক্ষাদানে শিক্ষকদের কোন অবহেলা করা যাবে না। প্রাথমিক শিক্ষকরা কোন বিষয়ে অবহেলিত থাকবেন না। প্রথমে তাদের বেতন বৈষম্য দূর করা হবে।
সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল দিয়ে প্রতিমন্ত্রীকে বরণ করেন। পরে উপস্থিত শিক্ষকদের সমস্যার কথা জানতে চান তিনি।
শিক্ষক সমাবেশে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার স্বপন কুমার, অতিরিক্ত পুলিশ সুপার রৌমারী সার্কেল শহীদ সোহরাওয়ার্দী, রৌমারী উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী, উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায়, রৌমারী থানার ওসি তদন্ত মো. মোন্তাছের বিল্লাহ্, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনুসহ সরকারি কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতারা।