০২ জানুয়ারি ২০১৯, ১৮:৪০

অধ্যক্ষ নিয়োগ স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট

  © ফাইল ফটো

বেসরকারি কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগে নিষেধাজ্ঞা থাকার পরও ভিকারুননিসা কলেজ কর্তৃপক্ষ অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। এ কারণে নিয়োগ কার্যক্রম স্থগিত রাখতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট করেছেন অভিভাবক প্রতিনিধিরা। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়কেও লিখিতভাবে অভিযোগ দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মঙ্গলবার অভিভাবক প্রতিনিধিদের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন আইনজীবী রফিকুল ইসলাম সরকার।  আজ বুধবার রিটের শুনানি হওয়ার কথা রয়েছে। 

জানা গেছে, গত বছরের ২৮ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক আদেশে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক কলেজে অধ্যক্ষ পদে এবং ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগের সব কার্যক্রম স্থগিত করা হয়। মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ নিয়োগ দিতে গত বছরের ৯ ডিসেম্বর বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।  গতকাল মঙ্গলবার আবেদনের সময় শেষ হয়েছে।

কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রীট দায়ের করেছে অভিভাবকরা।  রিটকারী ও অভিভাবক প্রতিনিধি আব্দুস সামাদ সুজন বলেন, অধ্যক্ষ নিয়োগে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকার পরও নিজেদের আনুগত্যকে নিয়োগ দিতে নিয়োগ কার্যক্রম শুরু করা হয়েছে। ভর্তি বাণিজ্য করতেই মূলত গভর্নিং বডির সদস্যরা তড়িঘড়ি করে অধ্যক্ষ নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, বিষয়টি চ্যালেঞ্জ করে অধ্যক্ষ নিয়োগ কার্যক্রম স্থগিত রাখতে মঙ্গলবার হাইকোর্টে রিট দায়ের করেছি। আজ বুধবার হাইকোর্টের ২৫ নম্বর বেঞ্চে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি এম এন হাসানের উপস্থিতিতে শুনানি হবে। আইনজীবী রফিকুল ইসলাম সরকারের মাধ্যমে রিটটি করা হয়েছে। এতে শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক, ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়কেও লিখিতভাবে এ বিষয়ে অভিযোগ দেয়া হয়েছে।