০১ জানুয়ারি ২০১৯, ১৮:০০

নতুন বইয়ে ভুল ধরতে পারলে পুরস্কার

  © সংগৃহীত

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে বছরের প্রথম দিন সারাদেশে পালিত হয়েছে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব।  প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীর মাঝে বিনামূল্যের নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।  এসব নতুন বইয়ে ভুল ধরে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন নেত্রকোণার জেলা প্রশাসক মঈনউল ইসলাম। 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোণা আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে বই উৎসবে এ ঘোষণা দেন জেলা প্রশাসক। এই ঘোষণা শুধু এই বিদ্যালয়ের ছাত্রীদের জন্য।  জেলা প্রশাসক বলেন, ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত যেসব ছাত্রী ৩১ জানুয়ারির মধ্যে নতুন বইয়ে ভুল ধরতে পারবে তাদের পুরস্কার দেওয়া হবে। প্রত্যেক শ্রেণিতে তিনজনকে সবচেয়ে বেশি ভুল ধরার জন্য এই পুরস্কার দেওয়া হবে। তবে কী পুরস্কার দেওয়া হবে তা তিনি বলেননি। 

নেত্রকোনা জেলায় এ বছর ৩৬ লাখ ৭০ হাজার ৬৬৫টি বই দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক।  বই উৎসবে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জিএম খান পাঠান বিমল, প্রধান শিক্ষক লুৎফুর হায়দার ফকির উপস্থিত ছিলেন।