দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হচ্ছেন শরীরচর্চার শিক্ষকরা
সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শরীরচর্চার শিক্ষকদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হয়েছে। আজ বুধবার এ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
তবে তৃতীয় শ্রেণি থেকে এই শিক্ষকদেরকে দ্বিতীয় শ্রেণির মর্যাদা দেয়ায় বাড়তি অর্থ খরচ করতে হবে না সরকারকে। কারণ এর আগে থেকেই এ পদটির বেতন দশম গ্রেডে নির্ধারিত রয়েছে।
জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভিন্ন সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (সরকারি কলেজ, শিক্ষক প্রশিক্ষণ কলেজ, সরকারি মাদ্রাসা) কর্মরত শরীরচর্চা শিক্ষকরা তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হলো। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব সম্মতি দিয়েছেন।
এর আগে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শরীরচর্চার শিক্ষকরা তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার দাবি জানান। এর প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে প্রস্তাব পাঠায়। শিক্ষা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করলে শরীরচর্চা শিক্ষক পদটি দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করতে সম্মতি দেয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতির পরে অর্থ বিভাগের সম্মতির প্রস্তাব পাঠায় শিক্ষা মন্ত্রণালয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা জানান, প্রথম শ্রেণির মর্যাদার দাবিতে শিক্ষা ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে বাদী করে শরীরচর্চা শিক্ষকরা আদালতে একটি মামলা করেছিলেন। আদালত দ্বিতীয় শ্রেণির মর্যাদা দেওয়ার আদেশ দিয়েছেন।