১৫ নভেম্বর ২০১৮, ১২:৩৮

শিক্ষকদের ৫% ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা কার্যকরের আদেশ

লোগো  © ফাইল ফটো

এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষকদের পাঁচ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতা কার্যকরের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।এটি ২০১৮ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। 

১৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১১ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে ইনক্রিমেন্ট সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছিল। চিঠিতে বলা হয়, গত ৮ নভেম্বর বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়নে বরাদ্দ চেয়ে গত ৫ নভেম্বর এবং এর আগে গত ৮ মে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছিলো শিক্ষা মন্ত্রণালয়।

এর পরিপ্রেক্ষিতে ২০১৮ খ্রিস্টাব্দের ১ জুলাই থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ২০ শতাংশ বৈশাখী ভাতা এবং ৫ শতাংশ ইনক্রিমেন্ট কার্যকরসহ এমপিও খাতে বরাদ্দকৃত অর্থছাড়ের বিষয়ে সম্মতি প্রদানের জন্য অর্থ বিভাগকে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।

উল্লেখ্য, অর্থ বিভাগের কাছে ৫ শতাংশ ইনক্রিমেন্ট দিতে ৫৩১ কোটি ৮২ লাখ টাকা এবং ২০ শতাংশ বৈশাখী ভাতা দিতে ১৭৭ কোটি ২৭ লাখ টাকা বরাদ্দ চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।