ফেল করেও ঢাবির পুন:ভর্তি পরীক্ষায় অংশ নেবেন এক ছাত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে অকৃতকার্য হয়েও পুনরায় অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষার অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন এক ছাত্রী। মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত এক আদেশ দেন।
জানা যায়, নতুন করে পরীক্ষার সুযোগ পাওয়া ওই ছাত্রীর নাম আনিকা বিনতে ইউনুছ। সুপ্রিমকোর্টর আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দের মেয়ে তিনি। সম্প্রতি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নতুন করে উত্তীর্ণ শিক্ষার্থীদের পরীক্ষার ঘোষণা দেয়া হলে মেয়ের জন্য আদালতে আবেদন জানান ড. ইউনুস আলী। তার প্রেক্ষিতেই মঙ্গলবার ওই নির্দেশ আসে।
শুনানিতে আদালত বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও ফের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে শুধু উত্তীর্ণরা কেন সুযোগ পাবেন? বাকিদের কেন পরীক্ষা নেওয়া হবে না? জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়নি বরং ডিজিটাল জালিয়াতের ঘটনা ঘটেছে। যার সঙ্গে স্বল্প সংখ্যক শিক্ষার্থীর সংশ্লিষ্টতা থাকতে পারে। এমনকি এর সঙ্গে জড়িত কিছু সংখ্যক গ্রেফতারও করা হয়েছে। তদন্ত রিপোর্টে এমনটিই উঠে এসেছে। এ কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু উত্তীর্ণদের ফের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।
এ সময় আদালত বলেন, সকলেরই ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেওয়া উচিত ছিল। পরে আদালত আইনজীবী ইউনুছ আলীর মেয়ে আনিকা বিনতে ইউনুছকে ফের ভর্তি পরীক্ষায় সুযোগ দিতে ঢাবি কর্তৃপক্ষকে নির্দেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।
তথ্যমতে, ওই ভর্তি পরীক্ষায় ১৮ হাজার ৪৬৪ জনকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। উত্তীর্ণ এসব শিক্ষার্থীরা ১৬ নভেম্বর দ্বিতীয়বারের মত পরীক্ষায় অংশ নেবেন।