অতিরিক্ত শ্রেণি-শিক্ষকদের স্থায়ী করা হবে : শিক্ষামন্ত্রী
প্রকল্পের মাধ্যমে নিয়োগ পাওয়া দেশের পাঁচ হাজার দুইশ’ অতিরিক্ত শ্রেণি-শিক্ষকদের (এসিটি) যে কোনও উপায়ে স্থায়ী করার ব্যবস্থা নেওয়া হবে। এসব শিক্ষকের জন্য নতুন কোনও পদ বের করে স্থায়ী করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রবিবার সচিবালয়ে শিক্ষা বিষয়ক রিপোর্টারদের সংগঠন বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরামের (বিইআরএফ) প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি।
জানা যায়, এটিসিদের স্থায়ী করার ব্যবস্থা গ্রহণ করতে সম্প্রতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) জাবেদ আহমেদকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, অতিরিক্ত শ্রেণি-শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া এই শিক্ষকদের বেশিরভাগেরই চাকরির বয়স চলে গেছে। সাধারণত প্রকল্পে নিয়োগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রকল্পের মেয়াদ শেষ হলে বিদায় করে দেওয়া হয়। কিন্তু আমরা তা করবো না। তাদের স্থায়ী করার ব্যবস্থা নেবো। কারণ অতিরিক্ত শেণি-শিক্ষকরা ইতোমধ্যে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে মতবিনিময়কালে বিইআরএফ-এর সভাপতি মোস্তফা মল্লিক, সহসভাপতি মোর্শেদুর রহমান, সাধারণ সম্পাদক এস এম আববাস, যুগ্ম সম্পাদক শারমিন নিরা, কার্যকরী কমিটির সদস্য বিভাষ বাড়ই, রাকিব উদ্দিন, মাসুদ উল হকসহ সংগঠনটির ২০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। মতবিনিময়ের সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।