১৩ অক্টোবর ২০১৮, ২০:১৯

বিশ্ব জঙ্গীবাদ রুখে দিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ  © ফাইল ফটো

বিশ্ব জঙ্গীবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।  এসময় তিনি মুসলিম উম্মাহর শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার মরক্কোতে রাবাতে আয়োজিত ইসলামিক এডুকেশনাল সায়েন্টিফিক এন্ড কালচারাল অরগানাইজেশন (আইসেসেকো)’র দু’দিনব্যাপী ১৩তম সেশনের উদ্বোধনী দিনে বক্তৃতায় এ আহ্বান জানান শিক্ষামন্ত্রী।  তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

মায়ানমার থেকে আসা ১১ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয়ায় বিশ্ব নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে শিক্ষামন্ত্রী রোহিঙ্গাদেরকে তাদের নিজ দেশে প্রত্যাবর্তনে মায়ানমারের ওপর অধিকতর চাপ অব্যাহত রাখার জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান।

নির্ধারিত সময়ের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বর্তমান সরকারের উল্লেখযোগ্য কর্মকান্ডের কথা তুলে ধরে তিনি বলেন, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন খাতে বাংলাদেশের অগ্রগতি ও উন্নতি হয়েছে।

দু’দিনব্যাপী এ সম্মেলনে আইসেসকোভুক্ত ৫৪টি রাষ্ট্রের মন্ত্রী ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।