১১ অক্টোবর ২০১৮, ১৮:৪৪

সরকারি হল আরো ২২ স্কুল-কলেজ

  © ফাইল ফটো

সরকারী করা হয়েছে আরো ২২টি স্কুল এবং কলেজ। এরমধ্যে ১৯টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং তিনটি বেসরকারি কলেজ। যেসব উপজেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় বা কলেজ নেই সেসব উপজেলায় একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় সরকারি করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার তারই অংশ হিসেবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারি করা হল। এনিয়ে দেশে সরকারি কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৬২১টি।

বৃহস্প‌তিবার ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮’ এর আলোকে হবিগঞ্জের লাখাই উপজেলার লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ, পিরোজপুরের ইন্দুরকানী ডিগ্রি কলেজ এবং জয়পুরহাটের আক্কেলপুর মুজিবর রহমান কলেজ সরকা‌রি ক‌রে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

এছাড়া, শরীয়তপুরের জাজিরার মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয় ও নড়িয়ার বিহারী লাল পাইলট (মডেল) উচ্চ বিদ্যালয়, নওগাঁর রাণীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও গোটগাড়ী শহীদ মামুন হাই স্কুল ও কলেজ, সিরাজগঞ্জের শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও বেলকুচি উপজেলার সোহাগপুর এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, বরগুনার বামনা উপজেলার সারওয়ার জাহান পাইলট উচ্চ বিদ্যালয় এবং বগুড়ার শিবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারি করেছে সরকার।

শেরপুরের নকলা পাইলট উচ্চ বিদ্যালয় ও ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, পিরোজপুরের স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, দিনাজপুরের বোচাগঞ্জের সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইলের সখীপুর পিএম পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ, নরসিংদীর মনোহরদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, গাজীপুরের শ্রীপুর পাইলট ইচ্চ বিদ্যালয়কেও সরকারি করা হয়েছে।

এছাড়া মানিকগঞ্জের সিংগাইর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও দৌলতপুর উপজেলার দৌলতপুর পি এস মডেল উচ্চ বিদ্যালয় এবং পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালী হাবিবুল্লা মাধ্যমিক বিদ্যালয় সরকারি হ‌য়ে‌ছে। আদেশে বলা হয়েছে, সরকারি হওয়া এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অন্যত্র বদলি হতে পারবেন না।