০১ আগস্ট ২০১৮, ২০:৩৯
আজ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
গাড়িচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে এবং নিরাপদ সড়ক বাস্তবায়নের দাবিতে ছাত্রছাত্রীদের চলমান বিক্ষোভ-আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (২ আগস্ট) দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। জাতীয় স্বার্থ এবং শিক্ষার্থীদের নিরাপত্তার কারণ দেখিয়ে এ নির্দেশনা দেয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার রাতে এ তথ্য জানিয়ে, বলেন, “ উদ্ভুত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ”
তিনি বলেন, “শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বাস্তবায়নে সরকার আন্তরিক। যত দ্রুতসম্ভব এগুলো বাস্তবায়ন করা হবে। ছাত্রছাত্রীদের এখন শ্রেণীকক্ষে ফিরে আসা প্রয়োজন।”