২৯ অক্টোবর ২০১৮, ১৬:৪৪

৫ সামাজিক উদ্যোক্তাকে অনুদান দেবে এলজি

  © টিডিসি ফটো

দেশের তরুণদের বিভিন্ন সামাজিক উদ্যোগ এবং স্বপ্ন বাস্তবায়নে আর্থিক সহায়তা দেবে দক্ষিণ কোরীয় বহুজাতিক কোম্পানি এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ। গত বছর তিন জনকে ‘এলজি অ্যাম্বাসেডর’ বৃত্তি ও স্বীকৃতি দেয়ার পর এ বছর পাঁচ সংগঠন বা ব্যক্তিকে এ বৃত্তি ও স্বীকৃতি দেয়া হবে। নির্বাচিত অ্যাম্বাসেডরদের প্রত্যেকে তাঁদের স্বপ্ন কিংবা উদ্যোগ বাস্তবায়নে ৪ লাখ টাকা করে পাবেন।

আজ সোমবার এলজি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বৃত্তি সম্পর্কে জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা সম্প্রসারণ, সামাজিক ও পরিবেশগত সচেতনতা তৈরি এবং সমাজ উন্নয়নে কাজ করছেন কিংবা একই ধরণের স্বপ্ন দেখছেন, এমন ব্যক্তি কিংবা সংগঠনগুলো এই স্বীকৃতির জন্য আবেদন করতে পারবেন। এলজি বাংলাদেশের (LG Bangladesh) ফেসবুক পাতায় এলজি অ্যাম্বাসেডর ক্যাম্পেইনে দেয়া নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আগামী ১০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদনপত্র জমা দেয়া যাবে। 

এ প্রসঙ্গে এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডি কে সন বলেন, ‘শুধু পণ্য বিক্রি নয়, ভোক্তা-জনগণ এবং সমাজের উন্নয়নেও এলজি প্রতিশ্রুতিবদ্ধ। ইতিবাচক পরিবর্তনের জন্য তরুণদের চেয়ে শক্তিশালী মাধ্যম আর নেই। তাঁদের অনেক স্বপ্ন ও উদ্যমও রয়েছে। সেই স্বপ্নকে বাস্তবায়ন এবং উদ্যমকে স্বীকৃতি দিতে এলজি অ্যাম্বাসেডর কর্মসূচী গ্রহণ করা হয়েছে’।

দেশের নানা প্রান্তে সমাজের বিভিন্ন ধরণের সমস্যা সমাধানে কাজ করতে ইচ্ছুক তরুণদের আর্থিক সহায়তার মাধ্যমে তাদের গৃহীত উদ্যোগ বাস্তবায়নে ২০১৭ সালে এলজি অ্যাম্বাসেডর কর্মসূচী গ্রহণ করা হয়। ওই বছর ২৩৭টি প্রকল্প প্রস্তাব থেকে ৩টিকে এলজি অ্যাম্বাসেডর বৃত্তি দেয়া হয়েছিল।এ বছর কর্মসূচীটির বাস্তবায়ন ও পর্যবেক্ষন অংশীদার হিসেবে দায়িত্ব পালন করবে বেসরকারি সংস্থা গুড নেইবার্‌স বাংলাদেশ। 

আগ্রহীরা আবেদন করতে ক্লিক করুন : LG Ambassador Program 2018