জন্মদিনে গুগল ডুডলে কবি শামসুর রহমান
বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ৮৯তম জন্মদিনে কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে সার্চ ইঞ্জিন গুগল তাদের বাংলাদেশের হোমপেজে একটি ডুডল দিয়েছে।
গুগল ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকলেই এই ডুডল প্রদর্শিত হচ্ছে। ডুডলে ক্লিক করলে তার সম্পর্কে নানা তথ্য পাওয়া যাচ্ছে।
১৯২৯ সালের এই দিনে তিনি ঢাকার মাহুতটুলিতে জন্ম নিয়েছিলেন। কবির বাবা মুখলেসুর রহমান চৌধুরী, মা আমেনা বেগম। আধুনিক বাংলা কাব্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের পড়াশোনায় হাতেখড়ি পোগোজ স্কুলে। ঢাকা নগরেই তার বেড়ে ওঠা।
নাগরিক কষ্ট, দুঃখ-সুখ তার কবিতায় বিশেষভাবে উঠে এসেছে। জীবনের সত্য-সুন্দরকে তুলে ধরার ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য। পাশাপাশি বাঙালির সব আন্দোলন-সংগ্রামের গৌরবদীপ্ত অধ্যায় ফিরে ফিরে এসেছে তাঁর কবিতায়। তাঁর প্রথম কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে প্রকাশিত হয়েছিল ১৯৬০ সালে। ৬০টি কাব্যগ্রন্থসহ প্রকাশিত গ্রন্থ শতাধিক।
তিনি পেয়েছেন স্বাধীনতা পদক, একুশে পদকসহ একাধিক পুরস্কার। ২০০৬ সালের ১৭ আগস্ট তিনি মারা যান।