০৯ অক্টোবর ২০১৮, ১১:০০

নোবিপ্রবি উপাচার্যের সাথে বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

  © টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড.এম অহিদুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ক্যাম্পাসে  বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) সাংবাদিকবৃন্দ ।  সোমবার রাত ৮টায় প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে উপাচার্যের সাথে সাক্ষাৎ করেন নোবিপ্রবিসাসের সাংবাদিকবৃন্দ। 

এতে সাংবাদিক সমিতির সভাপতি নাজমুস সাকিব সাদী, সেক্রেটারী কামরুল হাসান শাকিম, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম মহিম ও প্রচার সম্পাদক ওহী আলম সহ সাংবাদিক সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে সফলতার তিন বছর পূর্তি উপলক্ষে প্রফেসর ড. এম অহিদুজ্জামান স্যারকে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ। সেইসাথে গত তিনবছরে বিশ্ববিদ্যালয়ের ভৌত ও অবকাঠামোগত উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনের জন্য উপাচার্য প্রফেসর ড.এম অহিদুজ্জামান স্যারকে বিশেষ ধন্যবাদ জানান উপস্থিত সাংবাদিকবৃন্দ।

এসময় উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ও সমসাময়িক নানা বিষয় নিয়ে উপস্থিত সাংবাদিকের কাছে নিজের মতামত তুলে ধরেন ।  তিনি বলেন, "নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুধু বাংলাদেশের নয়, এটি পৃথিবীর অন্যতম সেরা একটি বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করবে।  সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি"

আসন্ন ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু কোনো পরীক্ষার্থী যাতে পরীক্ষাকালীন সময়ে কোনোপ্রকার হয়রানির শিকার না হয়  সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক পদক্ষেপ গ্রহন করা হবে বলে সাংবাদিকদের জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের আবাসন ও পরিবহন সমস্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, 'নির্মাণাধীন  ছাত্রী হল ২টির কাজ প্রায় শেষ পর্যায়ে। অতিদ্রুত হল ২টিতে ছাত্রী উঠানো হবে। আর অতিশীঘ্রই বিশ্ববিদ্যালয়ের পরিবহনে যুক্ত হবে নতুন ৪টি বাস। এর মধ্যে ১টি বাস চলতি মাসেই যুক্ত হবে বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখায়।'