আন্তঃনগর রাইড শেয়ারিং সেবা নিয়ে এলো ইজিয়ার
সহজলভ্যতা, নির্ধারিত ভাড়া এবং যানজটের ঝামেলা এড়িয়ে সহজে গন্তব্যে পৌঁছে দেয়ার মত সুবিধা থাকায় বর্তমানে দেশে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সার্ভিসের চাহিদা বাড়ছে। দেশের মানুষের চাহিদার কথা মাথায় রেখেই এই সেবাকে আরো একধাপ এগিয়ে নিয়ে গেল ‘ইজিয়ার’।
ইজিয়ার মূলত একটি আন্তঃনগর রাইড শেয়ারিং সেবা প্রদানকারী অ্যাপ। এখন পর্যন্ত সব রাইড শেয়ারিং সেবাগুলো শুধুমাত্র বিভাগীয় শহরে পরিচালিত হলেও ইজিয়ার দেশের ৬৪ জেলায় একযোগে তাদের কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে। অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবা ছাড়াও সিটি টু সিটি ভ্রমণের জন্য অন-ডিমান্ড রেন্ট-এ-কার সার্ভিস দিচ্ছে ইজিয়ার। এমনকি চাইলে ভ্রমণের আগেই ইজিয়ারের মাধ্যমে রাইড বা বাহন বুকিং দিয়ে রাখা যাবে।
নতুন এই সেবা নিয়ে ইজিয়ার টেকনোলজিস লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, আমরা মূলত এই অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবার একটি নতুন ধারা তৈরি করতে চাচ্ছি। যারা রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহারকারী আছেন তাদের নতুন অভিজ্ঞতা দিতে চাই। সাধারণ রাইড শেয়ারিং সেবা গ্রহীতারা শুধুমাত্র একটি নির্দিষ্ট গন্ডির ভেতরে এই সেবা পেয়ে অভ্যস্ত তাদের এই গন্ডির বাইরে বের করে নিয়ে যেতে চাই। একই সঙ্গে আমাদের যারা রাইডার বা চালক আছেন তারা যেন তাদের সেবা প্রদানের বিপরীতে সবচেয়ে ভালো বিনিময় পান তাও নিশ্চিত করতে চাই আমরা।
তিনি আরো বলেন, খুব শিগগিরই ইজিয়ার তার ব্যবহারকারী ও রাইডারদের জন্য আরো কিছু নতুন চমক উপস্থাপন করতে যাচ্ছে, যা ইজিয়ারের ব্যবহারকারীদের আরো বেশি এই অ্যাপভিত্তিক সেবা গ্রহণে উৎসাহিত করবে