২৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৬

ঢাবিতে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ক সম্মেলন শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে দুই দিনব্যাপী জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন।‘চায়না, সাউথ এন্ড সাউথইস্ট এশিয়ান কনফারেন্স অন এনভায়েনমেন্টাল এন্ড ইকোলজিক্যাল রিস্ক ম্যানেজমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হবে শুক্রবার বিকেল সাড়ে তিনটায়। সম্মেলনের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড এনভায়েনমেন্টাল সায়েন্স অনুষদ, চীনের ইউনান ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের কনফুসিয়াস ইনস্টিটিউট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে চিনের রাষ্ট্রদূত য্যাং যো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
সম্মেলনে চীন, নেপাল, মিয়ানমারসহ বিভিন্ন দেশ থেকে ১৭ ডেলিগেটসহ মোট ৫০ জন রিসার্চার অংশগ্রহণ করবেন। দুই দিনব্যাপী এ সম্মেলনে জলবায়ু পরিবর্তন, পরিবেশ, কৃষি, প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্যোগ ব্যবস্থাপনার উপর মোট ৩৩টি রিসার্চ পেপার উপস্থাপন করা হবে। সম্মেলনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক সমকাল, চ্যানেল টোয়েন্টিফোর এবং ডেইলি স্টার।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড এনভায়েনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন অফিসে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে অধ্যাপক মাকসুদ কামাল বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘গ্লোবাল কনসেপ্টে’ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। এতে চিনের ইউনান ইউনিভার্সিটিসহ সকলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান তিনি।

সম্মেলনে চীনের ইউনান ইউনিভার্সিটির সাতজন, চাইনিজ একাডেমি অব সায়েন্স (সিএএস) এর চারজন, চীনের কেয়ার লাইফ ইনস্টিটিউটের একজন, নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের দুইজন, মিয়ানমারের মানদালে বিশ্ববিদ্যালয়ের দুইজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৫ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন, সেন্টার ফর এনভায়েনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসের (সিইজিআইএস) চারজন, ওয়াটার মডেলিং ইনস্টিটিউটের (আইডবিউ) দুইজন এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচার (আইইউসিএন) এর একজন অংশ নিবেন।

এই কনফারেন্সে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনান ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে যাচ্ছে। যার আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি নিয়ে চীনে উচ্চশিক্ষা লাভের সুযোগ পাবে। উল্লেখ্য, ইউনান ইউনিভার্সিটিতে উচ্চমানের গবেষণা হয়ে থাকে। ফলে এই সমঝোতা স্মারকের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনান ইউনিভার্সিটির মধ্যে বিশ্বমানের যৌথ গবেষণার সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে।