শিক্ষকদের জন্য এমেক্স কার্ড আনলো সিটি ব্যাংক
দেশে প্রথম বারের মত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তার জন্য বিশেষায়িত আমেরিকান এক্সপ্রেস (এমেক্স) কার্ড নিয়ে এসেছে বেসরকারি খাতের দ্যা সিটি ব্যাংক। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলানায়তনে ‘ইউনিভার্সিটি অব ঢাকা আমেরিকান এক্সপ্রেস কার্ড’ নামে এ কার্ডের উদ্বোধন করা হয়। সিটি ব্যাংক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে এই কো-ব্রান্ডেড ক্রেডিট কার্ডটি চালু করেছে।
উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল,সমিতির সদস্য অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, সিটি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ শোয়েব ভাইস চেয়ারম্যান তাবাস্সুম কায়সার,সিইও সোহেল আর কে হুসেইন, আমেরিকান এক্সপ্রেস এর গ্লোবাল নেটওয়ার্ক সার্ভিসের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট দিব্য জৈন প্রমুখ।
আয়োজকরা জানান, সিটি ব্যাংক ইস্যুকৃত দি ইউনিভার্সিটি অব ঢাকা আমেরিকান এক্সপ্রেস কার্ডটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এটি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের দৈনন্দিন প্রয়োজনে কাস্টমাইজড সেবা ও সুবিধা প্রদান করবে। এই কার্ডের সঙ্গে শুরুতেই গ্রাহকরা পাবেন একটি ওয়েলকাম ভাউচার যাতে বিভিন্ন পণ্য ক্রয়ে ছাড় পাওয়া যাবে। এই কার্ডের সেবাগ্রহীতাদের বার্ষিক ফি দিতে হবে না এবং প্রিয়জনের জন্য বিনামূল্যে পাবে একটি সাপ্লিমেন্টারি কার্ড। এই কার্ড গ্রাহকরা অন্যান্য আমেরিকান এক্সপ্রেস কার্ডের গ্রাহকদের মতোই পাবেন মেম্বরশীপ রিওয়ার্ড পয়েন্টস, বিনাসুদে ফ্লেক্সিবাই, ফ্লেক্সিলোন, কার্ড চেক ইত্যাদি সেবা।
অধ্যাপক শিবলী রুবায়াতুল ইসলাম বলেন, এটা শিক্ষকদের জন্য। চার্জ ছাড়া তারা এটি তারা ব্যবহার করতে পারবে। পরে যখন টাকা পয়সা হবে তখন পরিশোধ করতে পারবে। তিনি সিটি ব্যাংক কর্তৃপক্ষকে আমেরিকান এক্সপ্রেস কার্ড চালু করার জন্য ধন্যবাদ প্রদান করেন।
সিটি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ শোয়েব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দি ইউনিভার্সিটি অব ঢাকা ঢাকা আমেরিকান এক্সপ্রেস কার্ড সেবা চালু করতে পেরে সিটি ব্যাংক পরিবার গর্বিত। আমরা প্রথমবারের মতো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কো-ব্রান্ডেড কার্ড সেবা চালু করলাম।