২৫ জুলাই ২০১৮, ২১:০০

আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে ৫জি চালু হবে: জয়

বাংলাদেশ ৫জি সামিট-২০১৮ তে সজীব ওয়াজেদ জয়

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগ আগামী নির্বাচনে জয়লাভ করে আবার ক্ষমতায় এলে দেশে ৫জি সেবা চালু হবে

বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ৫জি সামিট-২০১৮’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জয়।

বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, দেশের অন্যতম মোবাইল অপারেটর রবি ও স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে সহযোগিতায় বাংলাদেশে প্রথমবারের মতো ৫জি প্রযুক্তি চালু করতে যাচ্ছে।

সজীব ওয়াজেদ জয় বলেন, বাংলাদেশ বিশ্বে ৫জি চালু করা প্রথম দেশগুলোর মধ্যে একটি হতে যাচ্ছে। তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, ‘আমি কথা দিচ্ছি, আপনারা ভোট দিয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনলে আমরা দেশে ৫জি চালু করব।’

জয় বলেন, ডিজিটাল বাংলাদেশ এবং ভিশন-২০২১ হল আওয়ামী লীগের অন্যতম নির্বাচনী ইশতেহার। আমরা এই লক্ষ্য অর্জনের  দিকে এগিয়ে যাচ্ছি। তিনি বলেন, ‘যেখানে নতুন প্রযুক্তি আছে, আমি চাই এটি কাজে লাগাতে। আমরা ইতিমধ্যেই ৪জি প্রযুক্তি চালু করেছি। এখন আমরা ৫জি প্রযুক্তি চালু করার বিষয় নিয়ে কথা বলছি। ৫জি এখন আর কোনো স্বপ্ন নয়, এটি এখন বাস্তব।’ 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘দেশকে এগিয়ে নিয়ে যেতে প্রযুক্তির প্রয়োজন। প্রত্যেককে প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে বিশ্বের মধ্যে একটি ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছি।’

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বিগত ১০ বছরে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। তিনি দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামী সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন দিতে সবার প্রতি আহ্বান জানান।

ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার, রবির ব্যবস্থাপনা পরিচালক এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ, হুয়াওয়ের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ঝাং ঝেংজুন জেমস উ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।