২০ জুলাই ২০১৮, ১৭:০৫

রাবিতে দু’দিনব্যাপী বিজ্ঞান ক্যাম্প শুরু

দু’দিনব্যাপী বিজ্ঞান ক্যাম্পের উদ্বোধনকালে অতিথিরা

নানা আয়োজন নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী বিজ্ঞান ক্যাম্প শুরু হয়েছে। এ ক্যাম্পের আয়োজন করে বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব।

বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট তৈরি, বৈজ্ঞানিক পেপার ও পোস্টার প্রেজেন্টেশন, প্রোগ্রামিং এবং রোবোটিক্স ওয়ার্কশপসহ সায়েন্স টক এবং সায়েন্স অলিম্পিয়াডের মতো নানা আয়োজন রয়েছে এ ক্যাম্পে।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. তারিকুল হাসান এ বিজ্ঞান ক্যাম্পের উদ্বোধন করেন।

ক্লাবের সভাপতি আহসান হাবীব এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাহদী হাসানের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

অন্যান্যের মধ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কিউরেটর সুকল্যাণ বাছাড় ও সম্মানিত ডেপুটি ডিসপেন্ড অফিসার সৈকত সরকার, ইনফরমেশন সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক হাসনাত কবির, প্রাণিবিদ্যা বিভাগের সম্মানিত অধ্যাপক নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে রাজশাহী অঞ্চলের প্রায় ৩৫ প্রতিষ্ঠানের চারশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে একটি বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এছাড়া, ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পক্ষ থেকে একটি ভ্রাম্যমান বিজ্ঞান জাদুঘর এবং চতুর্মাত্রিক চলচ্চিত্র প্রদর্শনী। যা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। এ ক্যাম্প শেষ হবে শনিবার।

শেষ দিন শনিবার কুইজ কম্পিটিশন, সায়েন্স শো, পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য ড. আনন্দ কুমার সাহা ও প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান প্রমুখ।