ঢাবির শামসুন্নাহার হলের কালো দিবস আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ‘কালো দিবস’ আজ। ২০০২ সালের এই দিনে শামসুন্নাহার হলে রচিত হয় এক কালো অধ্যায়। ওইদিন রাত ১২ টার দিকে পূর্ববর্তী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হল প্রাধ্যক্ষকে সরানোর ঘটনাকে কেন্দ্র করে হলের গেট ভেঙে সাধারণ ছাত্রীদের ওপর বর্বরোচিত হামলা চালায় তৎকালীন সরকারের পুলিশ বাহিনী।
এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীরা তীব্র আন্দোলন গড়ে তোলে। আন্দোলনের মুখে টিকতে না পেরে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন ভিসি অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, প্রক্টর ও হল প্রাধ্যক্ষ।
এরপর ২০০৩ সাল থেকে দিনটিকে স্মরণে রাখার জন্য প্রতিবছরের এই দিনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শামসুন্নাহার হল নির্যাতন দিবস হিসেবে পালন করে থাকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নির্মম ওই নির্যাতনের স্মৃতি স্মরণ করে ব্যথিত হৃদয়ে দিনটিতে গভীর শোক পালন করে।