২২ জুলাই ২০২০, ১৫:৩১

ঢাবির মুলতবিকৃত সিনেট অধিবেশন বসছে কাল

  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটের মুলতবিকৃত বার্ষিক অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে এ অধিবেশন।

বুধবার (২২ জুলাই) ঢাবির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিনেটের চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধিবেশনে সভাপতিত্ব করবেন। করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে সিনেটের এই মুলতবিকৃত অধিবেশন স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে যথাসম্ভব সংক্ষিপ্ত সময়ের জন্য অনুষ্ঠিত হবে।

সিনেটের এই মুলতবি অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ অর্থ বছরের মূল বাজেট এবং ২০১৯-২০২০ অর্থ বছরের সংশোধিত বাজেট উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, গত ১৪ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের বার্ষিক অধিবেশনে ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট উপস্থাপন করা যায়নি বিধায় সেটি উপস্থাপন ও বিবেচনার জন্য সিনেটের এই অধিবেশন আগামীকাল ২৩ জুলাই বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুলতবি করা হয়েছিল।