ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের করোনা পরীক্ষা শুরু
২২ দিন বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ফের করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) থেকে এই নমুনা পরীক্ষা শুরু করছে বলে জানিয়েছেন করোনাভাইরাস রেসপন্স টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক শরীফ আখতারুজ্জামান।
তিনি বলেন, মঙ্গলবার থেকে আমরা পুনরায় পরীক্ষা কার্যক্রম চালু করছি। সবকিছু আগের মতোই হবে। তিনি আরও বলেন, শুধু আর্থিক কারণেই আমাদের ল্যাবটি বন্ধ হয়নি, এখানে অনেক কারণ ছিল। এখন সমাধান হয়েছে বলেই তো আমরা পুনরায় শুরু করছি।
এর আগে সোমবার (২২ জুন) ল্যাবটি চালুর বিষয়ে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়েও এই তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা বলেছিলেন, কিছু কারণে সাময়িকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনা পরীক্ষাগারটি বন্ধ ছিল। সেটি আবার চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ল্যাবটি চালু হলে দেশে মোট ৬৩টি ল্যাবে করোনা পরীক্ষা হবে।
প্রসঙ্গত, গত ৫ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতিতে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস ভবনের গবেষণাগারে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা কার্যক্রম চালু করা হয়েছিল। গবেষণাগারে দুটি পিসিআর মেশিনে প্রতিদিন প্রায় চারশ নমুনা পরীক্ষা করা হত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া কিট, পার্সোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) এবং বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে চালনা করা হতো নমুনা পরীক্ষার এই কার্যক্রম।
পরে চলতি মাসের শুরুতেই আর্থিক সংকট ও প্রশাসনিক বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়ে ল্যাবটি বন্ধ হয়ে যায়। একইসাথে বিশ্ববিদ্যালয়ের অপারগতা উল্লেখ করে নমুনা পরীক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে স্বাস্থ্য অধিদপ্তরকে জানিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।