১৫ মে ২০২০, ১১:১৬

করোনায় অসহায়দের পাশে ঢাবি ছাত্রী অনন্যা

  © টিডিসি ফটো

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে দিশেহারা মানুষ। জাতিসংঘ ইতোমধ্যে এই ভাইরাসকে মহামারী ঘোষণা করেছে। এ ভাইরাসের দ্রুত বিস্তার রোধে পুরো দেশ লকডাউন ঘোষণা করেছে সরকার। ফলে বেড়েছে অসহায়-ছিন্নমূল মানুষদের দুর্দশা। দেশের এমন সংকটময় মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অনন্যা।

গত কয়েকদিন রাতের আধারে যশোরের ৩০০ অসহায় পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ছাত্রলীগের এই কর্মী। খাদ্য সামগ্রীর তালিকায় ছিল- ৫কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ২টি সাবান এবং ১২টি ডিম (১ বক্স)।

এ বিষয়ে অনন্যা জানান, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে কষ্টের মাঝে জীবন যাপন করছে আমাদের গরীব ও ছিন্নমূল জনগোষ্ঠী। তাদের বেদনাদায়ক পরিস্থিতির কারণে আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন, সবসময় গরীব ও ছিন্নমূল জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি। সমাজের বিত্তবান মানুষকেও এদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।

ফারজানা ইয়াসমিন অনন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রলীগের কর্মী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সারা দিয়ে ইতিপূর্বে ৪০০ পরিবারকে খাদ্যসামগ্রী ও স্যানিটাইজেশন দ্রব্যাদি উপহার বিতরণ করেছেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক অসহায় শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন তিনি।