টিউশনির জমানো ৭০ হাজার টাকা ত্রাণ তহবিলে দিলেন ঢাবি ছাত্র
রাজশাহী জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে ৭০ হাজার টাকা সহায়তা প্রদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী রাইয়্যান রেজা। টিউশনি ও থিসিস করে এ টাকা জমিয়েছিলেন তিনি।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক মো. হামিদুল হকের কার্যালয়ে গিয়ে তার হাতে জমানো টাকাগুলো তুলে দেন রাইয়্যান। তার এমন কাজে অভিভূত জেলা প্রশাসক।
রাইয়্যান ঢাবির ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি রাজশাহী বিএডিসি’র যুগ্ম-পরিচালক (বীজ বিপণন) মোফাজ্জল হোসেনের ছেলে। রাইয়্যানের গ্রামের বাড়ি কুড়িগ্রামে। বাবার চাকরি সূত্রে তিনি এখন রাজশাহীতে পরিবারের সাথে বসবাস করছেন।
রাইয়্যান রেজা বলেন, ‘বিশ্ববিদ্যালয় পড়াশোনা শুরুর পর থেকেই টিউশনি করি। সেখান থেকে অল্প-স্বল্প টাকা জমাতাম। এছাড়া থিসিস করে কিছু বৃত্তি পেয়েছিলাম। সেগুলো ভবিষ্যতে জরুরি কাজে লাগানোর উদ্দেশ্যে জমিয়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘করোনাভাইরাসে অসহায়-দুস্থ মানুষ না খেয়ে দিনাতিপাত করছেন। সরকার তাদের সহায়তা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার মনে হয়েছে- বর্তমান পরিস্থিতিতে টাকা জমিয়ে রাখার আর কোনো মানেই হয় না। জমানো টাকাগুলো সদ্ব্যবহারের এখনি সময়। সেজন্য টাকাগুলো জেলা প্রশাসকের তহবিলে প্রদান করেছি।’