ঢাবিতে কবে শুরু হবে করোনা পরীক্ষা, জানা যাবে কাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিগগিরই করোনাভাইরাসের পরীক্ষা শুরু হচ্ছে বলে নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আজ সোমবার (২৭ এপ্রিল) আইইডিসিআরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। সে অনুযায়ী, প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
জানা গেছে, করোনা পরীক্ষার জন্য ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ কমিটির প্রধান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিজ্ঞানের অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামানকে।
কবে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষা শুরু হবে জানতে চাইলে অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা আজই আইইডিসিআরের চিঠি পেয়েছি। আগামীকাল সকালের দিকে আমরা টেকনিক্যাল কমিটির মিটিংয়ে বসবো। সেখানে পরীক্ষা কবে থেকে শুরু হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘তারা আমাদের অনুরোধ করেছেন। আমরা ইতিমধ্যে আমাদের কমিটিকে এ ব্যাপারে বলে দিয়েছি। তারা অতি শিগগিরই কাজ শুরু করে দিবে। আমাদের যে নমুনা দেয়া হবে সেগুলো আমরা পরীক্ষা করব।’
দুপুরে ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘করোনা মোকাবিলায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকাণ্ডে ধন্যবাদ জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব দ্রুততম সময়ের মধ্যে করোনা পরীক্ষার কাজ শুরু করবে। তারা আমাদেরকে করোনা মোকাবিলায় সাহায্য করবে।’
তিনি বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শুরু থেকেই ময়মনসিংহ মেডিকেল কলেজকে বিশেষজ্ঞ দিয়ে সহযোগিতা করছে। এছাড়া সম্প্রতি তাদেরকে একটি পিসিআর মেশিনও দিয়েছে। এতে করোনা পরীক্ষা আরো বেগবান হয়েছে।
এর আগে নভেল করোনাভাইরাস কোভিড-১৯ শনাক্ত করতে ল্যাবে পরীক্ষা করার সম্মতি পায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ চারটি বিশ্ববিদ্যালয়। এছাড়া করেনাভাইরাস পরীক্ষার জন্য প্রয়োজনীয় সক্ষমতা আছে বলেও জানিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, ‘এটা একটি জাতীয় সমস্যা। জাতীয়ভাবেই সিদ্ধান্ত নেয়া হচ্ছে। তারা সবকিছু ব্যবস্থা করে দিলে আমরা বিষয়টি দেখবো।’ এসময় কোন সিদ্ধান্ত হলে তা জানিয়ে দেয়া হবে বলেও তিনি জানান।
তিনি বলেন, ‘করোনাভাইরাস পরীক্ষার সব সক্ষমতা আমাদের আছে। আমরা আগেই বিষয়টি জানিয়ে দিয়েছি। এখন আমাদের সব ব্যবস্থা করে দিলে আমরা পরীক্ষার ব্যবস্থা নেব।’
বিশ্ববিদ্যালয়ে আভ্যন্তরীনভাবে করোনা পরীক্ষা বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘জাতীয়ভাবে বিষয়টি আমাদেরকে বলা হলে তখন আমরা এ ব্যাপারে আলোচনা করবো। যখন ওরা সব ব্যবস্থা করে আমাদেরকে দেবে তখন আমরা কাজ করবো।’
ব্রিফিংয়ে জানানো হয়, নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাতজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৫২ জনে দাঁড়িয়েছে। এছাড়া, আক্রান্ত আরও ৪৯৭ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ হাজার ৯১৩ জনকে শনাক্ত করা হয়েছে।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৮১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৯৭ জন শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৯১৩ জন। মারা গেছেন আরও ৭ জন। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৫২ জন।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।