করোনায় আক্রান্ত ঢাবি শিক্ষকের শাশুড়ি, আবাসিক এলাকা লকডাউন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের আবাসিক এক শিক্ষকের শাশুড়ি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, বিষয়টি নিশ্চিত হওয়ার পর ওই এলাকা লকডাউন করেছে হল প্রশাসন। আজ শনিবার দুপুরে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।
তিনি বলেন, অমর একুশে হলের আবাসিক এলাকায় ৭০ উর্ধ একজন বয়স্ক বৃদ্ধার করোনা পজেটিভ ধরা পড়েছে। আক্রান্ত ব্যক্তিটি এক আবাসিক শিক্ষকের আত্মীয়। পরে ওই এলাকা লকডাউন করা হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষকদের ঐ কোয়ার্টার আগে থেকেই আইসোলেশনে ছিল। আমরা শিক্ষকদেরকে তাদের স্ব স্ব পরিবার নিয়ে সতর্ক থাকার জন্য বলেছি এবং এ সম্পর্কে যত স্বাস্থ্যবিধি আছে তা কঠোর ভাবে পালন করার জন্য অনুরোধ করেছি।
জানা যায়, অমর একুশে হলের আবাসিক ওই শিক্ষকের শ্বশুর বাড়ি নারায়ণগঞ্জে। কয়েকদিন আগে জ্বর নিয়ে শ্বশুর মারা যায়। তবে শ্বশুরের করোনা পরীক্ষা করা হয়নি। শাশুড়ি বাসায় একা থাকায় তাকে অমর একুশের হলের শিক্ষকদের আবাসিক ভবনে তার বাসায় নিয়ে আসা হয়। এরপর শাশুড়ির জ্বর হলে করোনা পরীক্ষা করলে পজিটিভ আসে। আজ শনিবার ভোরে শাশুড়িকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।