ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা, বন্ধ হচ্ছেনা ঢাবির আবাসিক হল
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে আগামী ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব অনুষদ ও ইনস্টিটিউটের ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে এ সময়ের মধ্যে অন্যান্য কার্যক্রম যথারীতি চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন সিনেট ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা আসলেও প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধের ঘোষণা কোন ঘোষণা আসেনি। তারপরও করোনাভাইরাস আতঙ্কে হল ছাড়তে শুরু করেছেন অনেক শিক্ষার্থী। আজ দুপুরের পর অনেক শিক্ষার্থীরা বাড়ির উদ্দেশে রওনা হতে দেখা গেছে। এসময় তাদের মাঝে করোনা আতঙ্ক বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী নাজমুল হোসেন বলেন, দেশে করোনাভাইরাসে আক্রান্তের পর সবার মাঝে এক ধরণের আতঙ্ক বিরাজ করছে। ক্যাম্পাসেও একই অবস্থা। ক্লাস-পরীক্ষা বন্ধ হওয়াতে হাফ ছেড়ে বাঁচা গেলো! তাই দুপুরে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলাম।
এদিকে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত করা হলেও আবাসিক হলগুলো বন্ধের বিষয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করেননি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ বিষয়ে তিনি বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দুটি কার্যক্রম ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে, সেহেতু হলের উপর একটা প্রভাব পড়বে। তবে আবাসিক হলগুলো বন্ধ থাকবে কি না- এই ব্যাপারে তিনি সুনির্দিষ্ট কোনো মন্তব্য করেননি তিনি।