ঢাবি হলের গণরুমে হ্যান্ড স্যানিটাইজার দেবে জিএস রাব্বানী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুমের শিক্ষার্থীদের প্রত্যেককে একটি করে হ্যান্ড স্যানিটাইজার দেবেন ডাকসু জিএস গোলাম রাব্বানী। এছাড়া দ্রুতসময়ে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করতে উপাচার্য বরাবর স্মারকলিপিও দিয়েছে ডাকসু।
বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি করোনা সংক্রমনের ঝুঁকিতে রয়েছে দাবি করে রবিবার প্রথম বর্ষের গণরুমের শিক্ষার্থীরা মানববন্ধন করেন। সেখানে বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধেরও দাবি জানায় তারা।
আজ সোমবার প্রত্যেক হলের গণরুমের শিক্ষার্থীদের হ্যান্ড স্যানিটাইজার দেবেন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ডাকসু জিএস গোলাম রাব্বানী।
সকালে ফেসবুকে একটি হ্যান্ড স্যানিটাইজারের ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটি কলম সদৃশ্য একটি হ্যান্ড স্যানিটাইজার, পকেটে রেখে যেকোনো সময়, প্রয়োজনে স্প্রে করে ব্যাবহার করা যাবে। ফুরিয়ে গেলে যেকোনো লিকুইড 'হ্যান্ড স্যানিটাইজার' দ্বারা রিফিল করে পুনঃব্যাবহার করা যাবে। বর্তমান প্রেক্ষাপটে একটি অত্যাবশকীয় পণ্য।’
“এসময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের বন্ধুরুম তথা গণরুমগুলোতে থাকা নবীন শিক্ষার্থীরা সর্বোচ্চ ঝুঁকিতে আছে বলে মনে করি। তাই তাদের জিএস এর পক্ষ থেকে প্রতিটি হলের বন্ধুরুমের সকল সদস্যকে একটি করে বহনযোগ্য 'হ্যান্ড স্যানিটাইজার' উপহার দেয়া হবে। আগামী দুইদিন আমি প্রতিটি হলে সেগুলো পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আশা করছি, আবাসিক হলে থাকা ১ম বর্ষের কেউ বাদ যাবে নাহ।”
“সবাই সচেতন হই, ইনশাআল্লাহ করোনার ভয়কে জয় করে আমরা সুস্থ থাকবো।”