ঢাবি ক্যাম্পাস বন্ধের আহবান ইশা ছাত্র আন্দোলনের
করোনা ভাইরাসের বৈশ্বিক প্রকোপের কারণে বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধের আহবান জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদুল হাসান এবং সাধারণ সম্পাদক জালালুদ্দিন মুহাম্মদ খালিদ এক যৌথ বিবৃতি এ আহবান জানান।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকৃত পরিস্থিতি আমদের কাছে স্পষ্ট না। সরকার জনগণের মধ্যে একধরনের ধোঁয়াশা সৃষ্টি করে রেখেছে। দ্রুত ছড়িয়ে পরা এ ভাইরাসটির মহামারী সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় জনগণের মধ্যে দিনদিন আতঙ্ক বেড়েই যাচ্ছে।
করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে ঢাবি ক্যাম্পাস বন্ধের আহবান জানিয়ে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি জনবহুল বিশ্ববিদ্যালয়। এখানে কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী একসাথে শিক্ষা-কার্যক্রম পরিচালনা করছে। তাছাড়াও একটি বড়সংখ্যক শিক্ষার্থী একসাথে হলগুলোতে আবাসিক অবস্থান করছে। হলের গণরুমগুলোতেও ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশি শিক্ষার্থী অবস্থান করছে। প্রতিদিন শহরের নানা প্রান্ত থেকে কয়েকশ মানুষ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিড় জমায়। ফলে এ মহামারি ভাইরাস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে খুব অল্প সময়ের ব্যবধানেই ছড়িয়ে পরতে পারে।
বিবৃতি আরও বলা হয়, এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ না নেয়ায় আমরা বিস্ময় প্রকাশ করছি। প্রশাসনের এমন নির্লিপ্ততা কোনোভাবেই দায়িত্বশীলতার বহিঃপ্রকাশ হতে পারে না।
এসময়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আহ্বান জানান, ক্যাম্পাসে মহামারি করোনা ভাইরাস এড়াতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ রাখা হোক এবং সাথে সাথে প্রবেশপথগুলোতে থার্মাল স্ক্যানার বসানোর ব্যবস্থা নেয়া হোক।