তিনদফা দাবিতে ঢাবি ক্যাম্পাসে মুক্তিযুদ্ধ মঞ্চের বিক্ষোভ
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ তিনদফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক মো. আল মামুনের নেতৃত্বে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে একটি মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তিনদফা দাবির মধ্যে রয়েছে, মৌলবাদী অপশক্তি জামাত-শিবিরের রাজনীতি আইন করে নিষিদ্ধ করতে হবে; ডাকসুর ভিপি নুর ও তাদের সঙ্গীদের দ্বারা পরিচালিত ছাত্র অধিকার পরিষদ নিষিদ্ধ করতে হবে; ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের পার্শ্ববর্তী পরমবন্ধু রাষ্ট্র ভারতের নয়াদিল্লীতে সম্প্রতি একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে যা অত্যন্ত দুঃখজনক। ভারত একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র যা সাংবিধানিকভাবে স্বীকৃত। ভারতবাসীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য একটি মহল এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করি। এই ঘটনায় প্রায় ৪৭ জন মানুষ নিহত হয়েছেন যার মধ্যে ২২ জন হিন্দু ও ২৫ জন মুসলমান রয়েছে।
বক্তারা আরও বলেন, বিভিন্ন দেশি-বিদেশী গণমাধ্যমে আমরা দেখেছি ভারতের নয়াদিল্লীতে মুসলিমদের পাহারায় এক হিন্দু বোনের বিয়ে হচ্ছে এবং হিন্দুদের পাহারায় মুসলিমরা পবিত্র জুম্মার নামাজ আদায় করছেন। এথেকে স্পষ্টত বুঝা যায় যে, এটি কোন সাম্প্রদায়িক দাঙ্গা নয়। আশা করি, ভবিষ্যতে এ ধরণের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তুর্য, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি আহমেদ হাসনাইন, সাধারণ সম্পাদক মিথুন মোল্লা, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক ইমরান সরকারসহ প্রমুখ নেতৃবৃন্দ।