বাংলাদেশি ছাত্রীকে ভারত ছাড়ার নির্দেশের প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন
ভারতের বিজেপি সরকারের মদদে সাম্প্রদায়িক সন্ত্রাস ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী আফসারা আনিকা মীমকে ভারত ত্যাগের নির্দেশের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সংগঠনের ঢাবি শাখার সভাপতি সালমান সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমার পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের ঢাবি শাখার সহ-সাধারণ সম্পাদক খোকন মোহন্ত, কমিটির সদস্য আমজাদ হোসেন ও আরাফাত সাদ খান। উপস্থিত ছিলেন ঢাবি শাখার সহ-সভাপতি সাদেকুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, ভারতে মোদি সরকার সাম্প্রদায়িক আগ্রাসন চালিয়ে মূলত সংখ্যালঘু মুসলমান জনগোষ্ঠীকে হত্যা করেছে। মোদি সরকার হিন্দু-মুসলিম জনগণকে বিভক্ত করতে চায়। দাঙ্গা লাগিয়ে ক্ষমতায় থাকতে চায়। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো হিন্দু-মুসলিম উভয় জনগোষ্ঠী সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়ছে। তারা বুঝতে পারছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হলে ক্ষতিগ্রস্ত হয় জনগণ ও গণতান্ত্রিক আন্দোলন। লাভবান হয় শাসকশ্রেণী ও মৌলবাদী-সাম্প্রদায়িক শক্তি।
বক্তারা আরও বলেন, আপনারা জানেন আওয়ামী লীগ সরকার কর্তৃক ঘোষিত ‘মুজিববর্ষে’ গুজরাটের কসাইখ্যাত নরেন্দ্র মোদিকে প্রধান বক্তা হিসেবে নিয়ে আসা হচ্ছে। সাম্প্রদায়িক ফ্যাসিস্ট মোদিকে বাংলাদেশে নিয়ে আসার কারণ আওয়ামী লীগ সরকারও ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে। জনগণের শক্তির উপর নির্ভর করে এই সরকার ক্ষমতায় নেই। তাই ভারত রাষ্ট্র ও সরকারের উপর তাদের এত নির্ভরশীলতা-নতজানু মনোভাব।
সমাবেশে বক্তারা বলেন, ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে চলমান আন্দোলনের কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করায় বাংলাদেশি শিক্ষার্থীকে ভারত ত্যাগের নির্দেশ দিয়েছে ভারত সরকার। যে ভারত বৃহত্তম গণতান্ত্রিক দেশ বলে নিজেদের দাবি করে, সেখানে এই আন্দোলনে হামলা ও প্রতিবাদী অবস্থান ব্যক্ত করায় বাংলাদেশি শিক্ষার্থীকে দেশ ত্যাগের নির্দেশের মাধ্যমে তাদের কথিত গণতন্ত্রের মুখোশ খুলে পড়েছে। আমরা এই মানববন্ধন থেকে ভারতের বিজেপি সরকারের এহেন আচরণের তীব্র নিন্দা জানাই।
সমাবেশ থেকে বক্তরা অবিলম্বে ভারত কর্তৃক বাংলাদেশি শিক্ষার্থীকে দেয়া নির্দেশ প্রত্যাহার ও বাংলাদেশে মোদির আগমনকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান ছাত্রসমাজ ও দেশবাসীর প্রতি।