ছাত্রলীগ নয়, সিট দেবে প্রশাসন— ডাকসুর সিদ্ধান্ত (ভিডিও)
আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলসমূহে প্রশাসনের মাধ্যমে সিট বন্টন করা হবে। এক্ষেত্রে দেখভালের দায়িত্বে থাকবেন হল প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকরা। আজ শনিবার বিকালে ডাকসুর নির্বাহী সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে ডাকসু সহ-সভাপতি নুরুল হক নুর ও জিএস গোলাম রব্বানী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। ঢাবি উপাচার্য ও ডাকসু সভাপতি অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
ডাকসুর এ সিদ্ধান্তের মাধ্যমে ঢাবির আবাসিক হলে সিট বরাদ্দের ক্ষেত্রে ছাত্র সংগঠনের যে দৌরাত্ম্য চলে আসছিল, আপাতদৃষ্টিতে তার অবসান হবে বলে অনেকেই মনে করছেন।
সভা শেষে ডাকসু ভিপি নুরুল হক নুর বলেন, হলে হলে দীর্ঘদিন ধরে ছাত্রলীগের দৌরাত্ম চলে আসছিল, সেই প্রেক্ষিতেই আমার দাবি ছিল হলে হলে প্রশাসনে মাধ্যমে সিট বন্টন করা। সেই প্রথম বর্ষের শিক্ষার্থীদের শুরু থেকেই সিট প্রদান করা। নুর বলেন, যখন যে সরকার ক্ষমতায় থাকে, তখনই তাদের ছাত্র সংগঠন মেয়েদের হল ছাড়া ছেলেদের হলগুলো নিয়ন্ত্রণ করে থাকে। আমরা আশা করছি, আগামীতে সেটা হবে না। প্রশাসনের পক্ষ থেকেও সেই আশ্বাস পেয়েছি।
জিএস রব্বানী জানান, হল প্রশাসনের মাধ্যমে সিট বরাদ্দ দেয়া হয়। এজন্য ইতোমধ্যে হল প্রাধ্যক্ষ ও আবাসিক শিকক্ষদের সঙ্গে আলোচনা হয়েছে। আশা করি এ নিয়ম ব্যতিক্রম কিছু ঘটবে না।
তিনি বলেন, আবাসিক হলে যেসব ছাত্রের স্নাতকোত্তর শেষ হয়েছে তাদের ১৫ দিনের মধ্যে হল ছাড়ার কথা বলা হয়েছিল। তবে সেটা অযৌক্তিক হওয়ায় আমরা নূন্যতম তিনমাস সময় দিয়েছি। তিন থেকে ৬ মাসের মধ্যে তারা যেন হল ছেড়ে চলে যায়।