০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৭

ঢাবি থেকে শেষ বিদায় নিলেন সৈকত

জানাজার নামাজের আগে বক্তব্য রাখছেন ইমাম  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের স্নাতকোত্তরের ছাত্র সৈকত মাহমুদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টায় কবি জসীমউদ্দিন হল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানসহ হাজারো শিক্ষক-শিক্ষার্থী।

নামাজ শেষে বেলা পৌনে চারটার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সে তার মরদেহ গ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। রাত দশটায় সেখানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে দাফন করা হবে। বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন সৈকতের বড় ভাই সোহেল। তারা পরিবারে পাঁচ ভাই-বোন বলেও জানিয়েছেন সোহেল।

জানা যায়, আজ সকাল থেকে সৈকত শারীরিকভাবে অসুস্থতাবোধ করলে হলের রুমমেটদের সহায়তায় বেলা ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সাড়ে ১১টার দিকে সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হ্যার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছিল। এদিকে, বেলা তিনটার পর লাশবাহী অ্যাম্বুলেন্সে তার মরদেহ ক্যাম্পাসে নিয়ে আসা হয়। পরে সাড়ে তিনটায় কবি জসীমউদ্দিন হল মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। 

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের ওই আবাসিক শিক্ষার্থীর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। তিনি অ্যাকাউন্টিং বিভাগের এমবিএ’র শিক্ষার্থী (২০১৪-১৫ শিক্ষাবর্ষ) ছিলেন।