ঢাবির কার্জন হলে ৬ ঘন্টায় ২৫৫ ভোট, ভোটার ২১৮০
গত সিটি করপোরেশনগুলোর নির্বাচনের তুলনায় এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটারদের উপস্থিতির হার খুব কম দেখা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের চারটি কেন্দ্রেও একই অবস্থা লক্ষ্য করা গেছে।
আজ শনিবার সকাল ৮টা থেকে ক্যাম্পাসের উদয়ন স্কুল, কার্জন হল, এনেক্স ভবন এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। বিরতিহীনভাবে বেলা ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।
দুপুর ২টার দিকে কার্জন হল কেন্দ্র থেকে দ্যা ডেইলি ক্যাম্পাসের ঢাবি প্রতিনিধি জানান, দুপুর ২টা পর্যন্ত এই কেন্দ্র মোট ২৫৫টি ভোট কাস্ট হয়েছে। এ কেন্দ্রে মোট ভোটার রয়েছে ২ হাজার ১৮০ জন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। জান্নাত আরা নামের এ ওয়ার্ডের একজন ভোটার ভোট দিতে এসে বলেন, মূলত নাগরিক হিসেবে ভোটটা দিতে এসেছি। আর নির্বাচনতো ঈদের মতই আনন্দের একটা ব্যাপার। আমার তেমন কোন আশা-আকাঙ্ক্ষা নেই। তবে যেই আসুক না কেন আমরা চাই সুন্দর একটি শহর।