ঢাবি শিক্ষার্থীর বুকে অস্ত্র ঠেকিয়েও ছাড়া পেল ব্যবসায়ী
শাহবাগ থানা থেকে ছাড়া পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বুকে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে হুমকি দাতা ওই ব্যবসায়ী। বুধবার বিকেলে ওই ব্যবসায়ীকে ছেড়ে দিয়েছেন শাহবাগ থানা পুলিশ। অস্ত্রটির লাইসেন্স থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান।
তিনি বলেন, আটক ব্যক্তির অস্ত্রের লাইসেন্স থাকায় আমরা তাকে ছেড়ে দিয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে বেলা তিনটার দিকে ঢাকা সিটি নির্বাচন পেছানোর দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় সেখানে আটকে পড়েন মো. আলিফ রুশদি হাসান মুন (৩৬) নামের ওই ব্যবসায়ীর প্রাইভেট কার। পরে শিক্ষার্থীদের সঙ্গে জড়িয়ে পড়েন আরিফ। তখন ওই ব্যবসায়ী এক শিক্ষার্থীর বুকে অস্ত্র ঠেকান। তাকে হুমকি দেন।
এসময় উপস্থিত আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। তাকে গণপিটুনি দেয়া শুরু করে তারা। এরপর পুলিশ তাকে নিয়ে যায় শাহবাগ থানায়। পরে জানা যায়, তিনি মতিঝিল এলাকায় ব্যবসা করেন।
জানা গেছে, ৩০ জানুয়ারি নির্বাচন পেছানোর দাবিতে আন্দোলন করে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে নির্বাচন কমিশন ঘেরাওয়ের জন্য রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে একটি মিছিল বের করেন তারা। একপর্যায়ে পুলিশের বাধা পেয়ে শাহবাগে অবস্থান নেয় আন্দোলনকারীরা। নির্বাচন কমিশন অভিমুখে শিক্ষার্থীদের পদযাত্রা শাহবাগের আটকে দেওয়া হয়। এ সময় মোড়ের সবগুলো সড়ক মুখ বন্ধ করে দেয় পুলিশ। সেই হিসাবে বারডেমের সামনের সড়কমুখেও বেরিকেড দেওয়া ছিল। এ সময় একটি প্রাইভেট কার থেকে এক ব্যক্তি বের হয়ে এসে সাইড দিতে বলায় তার সঙ্গে তর্ক শুরু হয় জগন্নাথ হলের শিক্ষার্থী কপিল দেব বর্মনের। ওই ব্যক্তি পিস্তল উঁচিয়ে তাকে হুমকি দেয় বলে অভিযোগ করে কপিল দেব বর্মন। পরে শিক্ষার্থীরা ওই ব্যক্তিকে মারধর করে। এক পর্যায়ে পুলিশ তাকে হেলমেট পরিয়ে শাহবাগ থানায় নিয়ে যায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) শেখ মোহাম্মদ শামীম গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে বাক-বিতণ্ডার একপর্যায়ে যুবক আগ্নেয়াস্ত্র বের করলে শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে।
রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান সাংবাদিকদের বলেন, আলিফের অস্ত্রটি লাইসেন্স করা ছিল। তিনি আন্দোলনকে নিজের জীবনের জন্য হুমকি মনে করেছিলেন বলে অস্ত্র প্রদর্শন করেছিলেন এমনটি আমাদের জানিয়েছেন।