০৯ জানুয়ারি ২০২০, ১৩:৪০

গণরুমবাসীর আয়োজনে ঢাবিতে ধর্ষক মজনুর কুশপুত্তলিকা দাহ

  © টিডিসি ফটো

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের প্রতিবাদে আজ বৃহস্পতিবারও ক্যাম্পাসে বিক্ষোভ-প্রতিবাদ অব্যাহত রয়েছে। দুপুর ১টার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে ধর্ষক মজনুর কুশপুত্তলিকা তৈরি করে তা পোড়ান গণরুমের শিক্ষার্থীরা।

এর আগে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চেয়ে ক্যাম্পাসে ডাকসু সদস্য তানবীর হাসান সৈকতের নেতৃত্বে তারা একটি কালো পতাকা মিছিল বের করেন। পরে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা পদক্ষিণ করে সেটি রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। সেখানেই ধর্ষক মজনুর কুশপুত্তলিকা দাহ করা হয়। গণরুমবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এসময় তানবীর হাসান সৈকত বলেন, আজ হয়তো আমাদের বোন ধর্ষণ হওয়ার কারণে সর্বস্তরের মানুষ প্রতিবাদ করছে। আমাদের যে বাকী বোনরা ধর্ষণের শিকার হচ্ছে তাদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিচ্ছে? আমরা চাই, ধর্ষণের সর্বোচ্চ শাস্তুি মৃত্যুদন্ড করে আইন প্রণয়ন করা হোক।