০৯ জানুয়ারি ২০২০, ১৩:১৩

‘ঢাবি ক্যাম্পাসে অবাধে বিচরণ করছে শত শত মজনু’

  © টিডিসি ফটো

রাজধানীর কুর্মিটোলায় এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে তারা এই মানববন্ধন করেন। এসময় তারা অবিলম্বে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন।

মানববন্ধনে বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, আমাদের ছাত্রীকে যে ধর্ষণ করেছে সেই নরপিশাচের সর্বোচ্চ শাস্তির দাবিতে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা চাই ওই নরপিশাচের ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক এবং তা দ্রুত তার সাথে কার্যকর করা হোক। যাতে আর কোন ধর্ষক এই ধরনের কাজ করতে সাহস না পায়।

তিনি আরও বলেন, আমাদের এই প্রাণপ্রিয় ক্যাম্পাসে শত শত মজনু অবাধে বিচরণ করছে। অবাধে ঘুরে বেড়াচ্ছে। এই মজনুদের কারণে ছাত্রীরা ঠিকমতো চলাফেরা করতে পারছেন না। অনেক ভবঘুরে মাদকাসক্তেরও বিচরণ এই ক্যাম্পাসে। তাই এই ক্যাম্পাসকে বহিরাগত মুক্ত করতে হবে। যাতে আর কোন নারী শিক্ষার্থী এ ধরণের হেনাস্তার শিকার না হয়।

অধ্যাপক আহসানুল হাদী বলেন, আমাদের ছাত্রীকের যদি নিরাপদ রাখতে হয়, তাহলে এই কুলাঙ্গারকে (মজনু) ফাঁসি দিতে হবে। যাতে আর কেউ এমন ঘটনার শিকার না হয়।

মানববন্ধনে আজিজুল ইসলাম নামে এক ছাত্র বলেন, আমরা কোন সুসংবাদ নিয়ে এখানে দাঁড়ায়নি, আমরা ফাঁসির দাবিতে এখানে দাঁড়িয়ে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ধর্ষিত হয়; তা মেনে নেওয়ার মতো নয়। আমরা চাই জাতির অভিশাপ মজনু নামে যে কুলাঙ্গার আমার বোনকে ধর্ষণ করেছে সেই ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানো হোক। যাতে এ ধরনের কর্মকাণ্ডে আর কেউ লিপ্ত হতে না পারে।

হিমু নামে এক ছাত্রী বলেন, গত ৫ তারিখে কুর্মিটোলা এলাকায় নির্মমভাবে আমার বোন ধর্ষিত হয়েছে। মজনু নামে এক কুলাঙ্গার আমার বোনকে ধর্ষণ করেছে। আমরা তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হোক, সেটাই কামনা করি। আমার বোনের ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাব।