এই সেই ধর্ষক
র্যাবের অভিযানে রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ভিকটিমের মোবাইল ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে র্যাব। র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন-কাশেম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ওই ব্যক্তির ছবি ধর্ষণের শিকার ছাত্রীকে দেখানো হয়েছে। তিনি তাকে ধর্ষক বলে শনাক্ত করেছেন।
এদিকে, এ ঘটনার বিস্তারিত জানাতে মিডিয়া বিফ্রের আয়োজন করেছে র্যাব। তার আগে তার ছবি প্রকাশ হয়েছে। বুধবার দুপুর দেড়টায় রাজধানীর কারওয়ান বাজারস্থ র্যাবের মিডিয়া সেন্টারে এটি অনুষ্ঠিত হবে। সেখানে ঘটনার বিস্তারিত তুলে ধরা হবে। বুধবার বেলা ১১টার দিকে র্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
গত রবিবার রাতে কুর্মিটোলা এলাকায় ধর্ষণের শিকার হন ওই ছাত্রী। তিনি বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বাস থেকে কুর্মিটোলা বাস স্টপেজে নামেন তিনি। পরে অন্য যানবাহনের জন্য ফুটপাত ধরে হাঁটছিলেন। হঠাৎ তাকে পেছন থেকে মুখ চেপে ধরে ফুটপাতের পাশের ঝোপে নিয়ে যাওয়া হয়। সেখানেই ধর্ষণের শিকার হন।
ধর্ষণের এই ঘটনায় ছাত্রীর বাবা রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মামলাটির দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি)। মামলার এজাহার ওইদিনই ঢাকার আদালতে উপস্থাপন করা হয়। আগামী ২৮ জানুয়ারির মধ্যে এ ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
পুলিশের মহাপরিদর্শক মো. জাবেদ পাটোয়ারী বলেন, এ মুহূর্তে পুলিশের অগ্রাধিকারের তালিকায় এক নম্বরে আছে ধর্ষণের এই মামলার তদন্ত। পুলিশের সব কটি ইউনিট কাজ করছে। ধর্ষণের শিকার ছাত্রী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন আছেন।