ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তেজগাঁও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার দুপুরে রাজধানীর ফার্মগেটস্থ কলেজের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় তাদেরকে বিভিন্ন স্লোগানও দিতে দেখা গেছে। তাদের এ কর্মসূচি থেকে ধর্ষকের সর্বোচ্চ বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
এসময় কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রবিন বলেন, ইতোমধ্যেই সরকারের চেষ্টায় ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আমরা ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি। একই সঙ্গে ধর্ষকের দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।
কলেজের শিক্ষার্থী ইফফাত আরা হক বলেন, মেয়েরা রাস্তায় বের হলে অনেকেই বিভিন্ন ধরণের খারাপ কমেন্ট করে থাকে। এদেরকেও শাস্তির আওতায় আনতে হোক। তাছাড়া আমরা মাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে জানতে পেরেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। চলাচলের জন্য মেয়েদের জন্য সেফ না-ঢাকা শহরে এমন অসংখ্য জায়গা রয়েছে। এসব জায়গায় পুলিশ মোতায়েন করে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।