০৭ জানুয়ারি ২০২০, ১৪:০৬

দোষীদের শাস্তি দাবি ছাত্রদলের, ২৪ ঘন্টার আল্টিমেটাম

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও  বরাবর স্মারকলিপি প্রদান করেছে ছাত্রদল। একইসঙ্গে ২৪ ঘন্টার মধ্যে দোষীদের শাস্তির আওতায় আনতে আলটিমেটাম দেয়া হয়েছে। অন্যথায় ছাত্রসমাজকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলে জানায় ছাত্রদল।

বিক্ষোভ সমাবেশে ঢাবি ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন এবং সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন শ্যামল। এছাড়া কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ, অধিভুক্ত কলেজের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ফজলুর রহমান খোকন বলেন, আওয়ামী সরকার সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। মা বোনদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। প্রতিদিন কোন না কোন স্থানে গুম, খুন, হত্য, ধর্ষণ হচ্ছে তার কোন সুষ্ঠু তদন্ত হচ্ছে না এবং কোন ন্যাক্কারজনক ঘটনার বিচার হচ্ছে না তাই অপরাধী রা তাদের অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ২৪ ঘন্টার মধ্যে দোষীদের তদন্ত করে শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায়, ছাত্রদল ছাত্রসমাজকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন শ্যামল বলেন, এই আওয়ামী সরকার দিন বদলের স্বপ্ন দেখিয়ে ২০০৯ সালে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে জনগনের কল্যাণে কোন কাজ না করে উল্টো গুম, খুন হত্যা ধর্ষণ কে উস্কে দিয়েছে তিনি অবিলম্বে দোষীদের সর্বোচ্চ শাস্তি এবং খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন অন্যথায় রাজপথে নেমে ধর্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তি এবং খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির জন্য আমরা জীবন দিতে প্রস্তুত।

এ সময় তারা ধর্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি এবং খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিভিন্ন ধরণের স্লোগান দেন।

এদিকে ঢাবি ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত ভার ঢাকা মহানগর (উত্তর বিভাগ) গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক সোমবার (৬ জানুয়ারি) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিবি পুলিশ ইতোমধ্যে মামলার তদন্ত কাজ শুরু করেছে।

ধর্ষণের ঘটনায় অজ্ঞাত একজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করেন ওই ছাত্রীর বাবা। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেন।

গত রবিবার সন্ধ্যায় কুর্মিটোলায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নেমে যাওয়ার পর তাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই ছাত্রী।

ওসি বলেন, মামলার এজাহারে মেয়েটিকে একজন ধরে নিয়ে ধর্ষণ করে বলে উল্লেখ করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়াও ওই এলাকাটি একটু গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকা। ঘটনাস্থলটি আমরা এখনই প্রকাশ করতে চাচ্ছি না।

ঘটনার বিকেল সাড়ে ৫টার দিকে শেওড়া যাওয়ার উদ্দেশে ঢাবির বাসে ওঠেন ওই শিক্ষার্থী। সন্ধ্যা ৭টার দিকে শেওড়ার বিপরীত পাশে কুর্মিটোলায় বাস থেকে নামেন তিনি। সেখানে অজ্ঞাত ব্যক্তি মুখ চেপে তাকে পাশের একটি স্থানে নিয়ে অজ্ঞান করে ধর্ষণ করে।

রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে তিনি নিজেকে নির্জন স্থানে আবিষ্কার করেন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় গন্তব্যে পৌঁছান ওই ছাত্রী। পরে রাত ১২টার দিকে তাকে ঢামেক হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান তার সহপাঠীরা।

এদিকে ঢাবি শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভে উত্তাল রয়েছে ঢাবি ক্যাম্পাস। এ ঘটনায় বিচার নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।