‘সন্ধ্যার পর ফুটপাতে সাবধানে চলুন’ বার্তায় দায় শেষ!
আছে সাইনবোর্ড, লেখা তাতে সতর্কতামূলক বার্তাও। তবে দায় যেন এতেই শেষ। জায়গাটা কুর্মিটোলার। এখানকার ঝোপঝাড় আর গাছের আড়ালেই যেন লুকিয়ে আছে অজানা বিপদের শঙ্কা। ব্যাপারটা জানা আছে কর্তৃপক্ষেরও! তাই কয়েকটি স্থানে লাগানো আছে সতর্কতামূলক সাইনবোর্ড!
নির্জন এই ফুটপাতে প্রায়ই ঘটে নানা অপরাধ। যে তালিকায় সবশেষ সংযোজন গতকাল রবিবার ঘটে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা। অথচ এ সড়কে সতর্কতার সাইনবোর্ড দিয়েই দায় সেরেছে পুলিশ ও নিরাপত্তা সংশ্লিষ্টরা!
বনানী থেকে শুরু করে এ মাইলখানেক সড়কে আগেও ঘটেছে অপরাধমূলক নানা কর্মকাণ্ড। সেই তালিকায় রয়েছে ২০১৬ সালে গারো তরুণী ধর্ষণ। রয়েছে পরের বছর কলেজপড়ুয়া এক শিক্ষার্থী লাঞ্ছনা। আর চুরি-ছিনতাই তো নিত্যদিনের ঘটনা। এসব বিবেচনায় এখান থেকে বাসস্টপ সরানোর দাবি জানিয়েছিলেন শিক্ষার্থীরা। মানা হয়নি সে দাবিও।
শিক্ষার্থীদের দাবি, ওই জায়গায় সিসিটিভি বসাতে হবে। পুলিশ যেন সবসময় থাকে সে ব্যবস্থাও করতে হবে। অপরাধপ্রবণ এমন সব এলাকায় কড়া নিরাপত্তা টহলের দাবি নগরবাসীর। বিশ্লেষকরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনী থেকে প্রশাসন কেউই এর দায় এড়াতে পারে না। এদিকে আসামি গ্রেপ্তারের চেষ্টার মধ্যেই এখনো সীমাবদ্ধ পুলিশ।
এ প্রসঙ্গে গুলশান জোনের এডিসি মো.কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, প্রথমে একটু ভীতিকর অবস্থার মধ্যে ছিল। এখন কিছুটা স্বাভাবিক। আমরা কাজ করছি। আমাদের একটু সময় দিন। আমরা আপনাদের সব জানাব।